টিভিতে নিজস্ব অপারেটিং সিস্টেম যুক্ত করলো ওয়ালটন
টিভিতে নিজস্ব অপারেটিং সিস্টেম যুক্ত করলো ওয়ালটন। ওএসটির নাম দেয়া হয়েছে আরওএস (রেজভী অপারেটিং সিস্টেম)।
জানা গেছে, ওয়ালটনের রয়েছে দেশের সর্ববৃহৎ টিভি গবেষণা ও উন্নয়ণ (আরএন্ডডি) বিভাগ। যেখানে কাজ করছেন একঝাঁক তরুণ প্রকৌশলী ও ডিজাইনার। তাঁদের নিরলস গবেষণার ফলে উদ্ভাবিত হয়েছে এ অপারেটিং সিস্টেম।
ওয়ালটন সূত্র জানায় আগামি ১ মার্চ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় আনুষ্ঠানিকভাবে ‘আরওএস’ উদ্বোধন করা হবে।
এ বিষয়ে ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, আরওএস টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে টিভিতে আরো দ্রুত কমান্ড দেয়া যাবে। এক চ্যানেল থেকে অন্য চ্যানেল পরিবর্তনে আগের চেয়ে কম সময় লাগবে। পাশাপাশি টিভির ছবি হবে আরো জীবন্ত ও প্রাণবন্ত। শব্দের মান হবে উন্নত এবং আগের চেয়ে জোড়ালো।
ওয়ালটন টিভির আরএন্ডডি বিভাগের ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ইতোমধ্যেই আরওএস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে ওয়ালটনের বেসিক এলইডি টেলিভিশনে ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, আরওএস ছাড়াও সম্প্রতি ওয়ালটন বাজারে ছেড়েছে বাংলা ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি। এন্ড্রয়েড সেভেন অপারেটিং সিস্টেমযুক্ত ওয়ালটনের এই স্মার্ট টিভিতে বাংলার পাশাপাশি আছে ইংরেজি ও হিন্দি ল্যাঙ্গোয়েজ সিলেকশন অপশন। এর ফলে ইউটিউব বা ব্রাউজারে বাংলায় পছন্দের কোনো কন্টেন্ট খুঁজতে গ্রাহককে টিভির রিমোর্ট বাটনে আর টাইপ করতে হবে না। ‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার।
এরপর বাংলায় কন্টেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট অথবা ইউটিউবে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সিলেক্ট করা যাবে ইংরেজি ও হিন্দি কন্টেন্টও। এই প্রযুক্তিও ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।